
হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোড়া ছুটিয়ে কখনও স্পার্টা আবার কখনও বা গ্রিসের রাস্তায় ধুলো উড়িয়ে ছুটে চলেছেন। এই বুঝি দেখা হয়ে গেল সক্রেটিসের সাথে, ওখানে দেখা যাচ্ছে ইতিহাসবেত্তা হেরোডোটাসকে! কখনও ইতিহাসের ধার না ধেরেই শিকার করছেন গ্রিক পুরাণের দানবীয় সব জন্তু জানোয়ার। বাদ যাচ্ছে না হারিয়ে যাওয়া আটলান্টিসের বুকে সময় কাটানোও! ভাবতে পারছেন, এ সবকিছুই একটি গেমের ভিতর-ই পাওয়া যাচ্ছে! আর ইতিহাস এবং পুরাণের মিশেল যেহেতু, সেটি ASSASSINS CREED না হয়ে যায় না। কথা হচ্ছে ASSASSINS CREED -সিরিজের সর্বশেষ গেম "ODDYSSEY" নিয়ে!
ASSASSINS CREED -সিরিজের একাদশতম গেম "অডিসি (ODDYSSEY)" ২০১৮ সালের ৫ অক্টোবর মুক্তি পাওয়ার সাথে সাথেই জয় করে নেয় গেমারদের মন। এর আগের পর্ব অর্থাৎ দশম পর্ব "ASSASSINS CREED: ORIGINS" এর যোগ্য সিকুয়েল হিসেবে আসলেই প্রশংসার দাবিদার ODDYSSEY. খ্রিস্টপূর্ব ৪৩১ সালে ATHENS এবং SPARTA-র মাঝে হয়ে যাওয়া পেলোপনেশিয়ান যুদ্ধের (PELOPONNESIAN WAR) পটভূমিতে এগিয়ে যায় গেমটির কাহিনী, আর গেমারদের সামনে ধীরে ধীরে উন্মোচিত হয় সিরিজের সবচেয়ে বড় ও নিখুঁত মানচিত্র, এবং এযাবতকালে দেখা সিরিজের দীর্ঘতম কাহিনীযুক্ত গেম ASSASSINS CREED: ODDYSSEY
সিকুয়েল হলেও ODDYSSEY গেমটির কাহিনী প্রাচীন মিশরের উপর নির্মিত ORIGINS গেমের প্রায় চারশ বছর আগের; বিশেষ করে "THREE HUNDRED (300)" সিনেমার ভক্তদের জন্য গেমের শুরুটা যেন খুবই পরিচিত- হ্যাঁ, এখানে দেখা মেলে সেই লিওনিদাসেরও!
গেমারকে গেমটি খেলতে হবে দুই ভাইবোনের যেকোন একজন কে নিয়ে, যাকে গেমের শুরুতেই বেছে নিতে হবে। গেমারের ভাই কিংবা বোনকে পাহাড়চূড়ার ওপর থেকে দেবতার জন্য বলি হিসেবে ফেলে দেয়ার মধ্য দিয়েই শুরু হয় গেমের ঘটনা, যে মুহূর্তটি ভেঙে দেয় একটি সাজানো গোছানো পরিবারকে। এতটুকু মোটামুটি গেমের ট্রেলার থেকেই পরিষ্কার হয়ে যায়। গেমারের চরিত্রটি নিজেকে সাগর-পাড়ে আবিষ্কার করে অনাথ এক শিশু হিসেবে, আর ধীরে ধীরে বড় হবার পর হয়ে যায় একজন মিস্থিওস (MISTHIOS), অর্থাৎ যার কাজ টাকার বিনিময়ে বিভিন্নজনের 'মিশন' সম্পন্ন করা, ভাড়াটে খুনি বা মার্সেনারি (MERCENARY) যাকে বলে!
ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আগের কাহিনী ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। আর প্লেয়ারকে গ্রিসের বিশাল মানচিত্র জুড়ে খুঁজে বেড়াতে হবে তার পরিবারের রহস্যের সমাধানে। আর সেই সাথে নির্মূল করতে হবে CULT OF KOSMOS নামের এক বিষাক্ত সংগঠনকে। এই সংগঠনের মূল হোতা কে? কসমসের প্রধান অস্ত্র কী? গেমারের চরিত্র KASSANDRA কিংবা ALEXIOS-এর মা কে? আর তারচেয়েও অবাক করা ব্যাপার, তাদের বাবাই বা কে? এ রহস্যগুলো তাড়া করতে করতে প্লেয়ার পরিচিত হবেন হেরোডোটাস কিংবা সক্রেটিসের মতো ঐতিহাসিক চরিত্রের সাথে, আর সাথে থাকবে নিত্যসঙ্গীর মতো কিছু বন্ধু!
গেমের গ্রাফিক্স প্রসঙ্গে বলতেই হয়, কেননা আগের যেকোনো গেমের তুলনায় ASSASSINS CREED ODDYSSEY-র গ্রাফিক্স অনেক ভালো। তবে একই ইঞ্জিনে বানানো বিধায় ORIGINS-এর সাথে অনেকটা মিল আছে, থাকাটাই স্বাভাবিক। তবে প্রাচীন গ্রিসের রাত আর দিনের দৃশ্যগুলো যে বর্তমান সময়ে এর চেয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব নয়, তা নিশ্চিত করেই বলা যায়!
ORIGINS-এর সাথে এবারও মিল আছে গেমটির লেভেল সিস্টেমে। মিশন কমপ্লিট করে এবং কমব্যাটের মাধ্যমে XP অর্জনের মাধ্যমে লেভেল আপ করতে হবে ক্যারেক্টারের, এবং নিজের জাহাজের। অনেক সময় কিছু মিশনের জন্য নির্দিষ্ট লেভেল না হলে খেলাটাই দুরূহ হয়ে যাবে; এই লেভেল বাড়ানোটা আসলে এই আরপিজি (RPG) গেমের সাইড মিশনগুলো খেলানোর একটা মোক্ষম উপায়, যেন কেবল মূল স্টোরিলাইন শেষ করেই খেল খতম না হয়ে যায়। ঈগল ভিশন (EAGLE VISION) এবারও আক্ষরিক অর্থেই ঈগলের দৃষ্টি, এবার বায়েকের সেনুর বদলে আছে ইকারস নামের এক সোনালি ঈগল!
সিনক্রোনাইজেশন সিস্টেম আছে আগের মতোই। নতুন যোগ হয়েছে বিভিন্ন পরিস্থিতিতে প্লেয়ার কী উত্তর দেবেন তার নানা অপশন, তাই আপনার পছন্দের উপর ভিত্তি করে বদলে যাবে গেমের কাহিনীর ইতিটুকু। আর ঘোড়ায় চড়ে পুরো গ্রিস ঘুরে বেড়ানো, নৌকা কিংবা জাহাজে করে সমুদ্রের বুকে ছুটে চলা, অতল সাগরের গহ্বর থেকে ধনরত্ন তুলে আনা, ফাস্ট ট্রাভেল- সবই আগের চেয়ে বেশি নিখুঁত। নেভাল ব্যাটেল অবশ্য ASSASSIN'S CREED: BLACK FLAG -এর মতো কঠিন নয়!
কমব্যাট সিস্টেমও আছে আগের মতোই, তবে পার্থক্য এক জায়গায়, যেটি কিনা এ গেমের একটি খারাপ দিক হিসেবেও বলা যায়- তা হলো, প্লেয়ারের কোনো শিল্ড (SHIELD) নেই; শত্রুর দুর্বল মার ঠেকানো যায় বটে, কিন্তু কঠিন মারের বেলায় DODGE করতে হয়। অন্যান্য MISTHIOS SHIELD ব্যবহার করলেও সকল অস্ত্রের নিপুণ কারিগর KASSANDRA বা ALEXIOS কেন ঢাল ব্যবহার করে না সে প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তাছাড়া অ্যাসাসিন্স ক্রিড সিরিজের 'অ্যাসাসিন' (ASSASSIN) বলে কিছু নেই, এটাও সমালোচনা করবার মতো একটা দিক, নেই অ্যাসাসিনের ব্লেডও! এদিকটা হতাশ করবেই ক্লাসিক ভক্তদের। তবে সত্যি বলতে, ASSASSINS -এর সূচনাই হয় আগের ORIGINS -এরর শেষ দিকে এসে, তাই এ গেমেই ASSASSIN আশা করাও ঠিক নয়!
METRACRITIC -এ ৮৬, IGN -এ ৯.২ এরকম অসংখ্য উচ্চ রেটিং এটাই নির্দেশ করে যে কেবল ভক্তরাই নয় সমালোচকরাও খুবই পছন্দ করেছেন গেমটিকে। মূল গল্প শেষ করতে মোটামুটি ৫০/৬০ ঘণ্টা তো লেগে যাবেই। তবে সেই মূল গল্প শেষ করে বসে থাকা নয়, বরং নির্দিষ্ট সময় পর পর নতুন নতুন গল্প (SEASON PASS/DLC) যোগ হচ্ছে ASSASSINS CREED ODDYSSEY -তে, যা জিইয়ে রাখছে প্লেয়ারদের মন। তাই প্রায় সব দিক থেকেই ODDYSEY গেমটিকে বলা যায় একটি যোগ্য সিকুয়েল আর সিরিজের খ্যাতি ধরে রাখতে পারা এক চমৎকার "COMEBACK".
ASSASSIN'S CREED নিয়ে আরও পড়তে ক্লিক করুন এখানে: "ASSASSIN'S CREED: গেমের মাধ্যমে হারিয়ে যান প্রাচীন ইতিহাসের গহীনে!"
wow
ReplyDelete💖💖💖
DeleteThis game is my favourite
ReplyDeleteবাংলায় এই গেমটার এত ভালো রিভিউ পেয়ে আমি খুব খুশী।
ধন্যবাদ সাথে থাকার জন্য!
DeleteI would like to play this game.
ReplyDeleteYeah! Sure...
DeletePost a Comment